Friday, May 2, 2014

Kathopakathan # 10 from Kathopakathan Vol. 1 by Purnendu Patri

- কাল বাড়ি ফিরে কি করলে?
- কাঁদলাম। তুমি?
- লিখলাম।
- কবিতা? কই দেখাও।
- লিখেই কুচিকুচি।
- কেন?
- আমার আনন্দের ভিতরে অনর্গল কথা বলছিল আর্তনাদ 
  আর্তনাদের ভিতরে গুনগুন গলা ভাঁজছিল অদ্ভুত এক শান্তি 
  আর শান্তির ভিতরে সমুদ্রের সাঁই সাঁই ঝড়।
  যে-সব অক্ষর লিখলেই লাল হবার কথা 
  তারা হয়ে যাচ্ছিল সাদা।
  যে সব শব্দ সাদা কাশবন হয়ে দুলবে 
  তাদের মনে হচ্ছিল শুকনো ঝাউপাতার ওড়াউড়ি।
  বুঝলাম সে ভাষা আমার জানা নেই 
  যার আয়নায় নিজের মুখ দেখবে ভালোবাসা।
- তাই বলে ছিঁড়ে ফেললে?
- বাতাস থেকে একটা অট্টহাসি লাফিয়ে উঠে বললে 
  পিদিমের সলতে হয়ে আরো কিছু দিন পুড়ে খাক হ।
  পুড়ে খাক হ।

No comments:

Post a Comment