Sunday, May 11, 2014

Kathopakathan # 21 from Kathopakathan Vol. 1 by Purnendu Patri

শুভঙ্কর-
তোমাদের ওখানে এখন লোডশেডিং কি রকম?

নন্দিনী-
বোলো না। দিন নেই, রাত নেই, জ্বালিয়ে মারছে।

শুভঙ্কর-
তুমি তখন কি করো?

নন্দিনী-
দরজা খুলে দিই।
জানলা খুলে দিই।
পর্দা খুলে দিই।
আজকাল হাওয়াও হয়েছে তেমনি ফন্দিবাজ।
যেমনি অন্ধকার, অমনি মানুষের ত্রিসীমানা ছেড়ে দৌড়।

শুভঙ্কর-
তুমি তখন কি করো?

নন্দিনী-
গায়ে জামা-কাপড় রাখতে পারি না।
সব খুলে দিই, 
চোখের চশমা, চুলের বিনুনি, বুকের আঁচল, লাজ-লজ্জা সব।

শুভঙ্কর-
টাকা থাকলে তোমার নাম নতুন ঘাট বাঁধিয়ে দিতুম কাশী মিত্তিরে 
এমন তোমার উথাল-পাতাল দয়া।
তুমি অন্ধকারকে সর্বস্ব, সব অগ্নিস্ফুলিঙ্গ খুলে দিতে পার কত সহজে।
আর শুভঙ্কর মেঘের মত একটু ঝুঁকলেই 
কি হচ্ছে কি?
শুভঙ্কর তার খিদে তেষ্টার ডালপালা নাড়লেই 
কি হচ্ছে কি?
শুভঙ্কর রোদে-পোড়া হরিনের জিভ নাড়ালেই 
কি হচ্ছে কি?
পরের জন্মে দশদিগন্তের অন্ধকার হবো আমি।

No comments:

Post a Comment