Thursday, May 1, 2014

Kathopakathan # 4 from Kathopakathan Vol. 1 by Purnendu Patri

- যে কোনো একটা ফুলের নাম বল 
- দুঃখ।
- যে কোনো একটা নদীর নাম বল।
- বেদনা।
- যে কোনো একটা গাছের নাম বল 
- দীর্ঘশ্বাস।
- যে কোনো একটা নক্ষত্রের নাম বল 
- অশ্রু।
- এবার আমি তোমার ভবিষ্যত বলে দিতে পারি 
- বলো।
- খুব সুখী হবে জীবনে।
  শ্বেতপাথরে পা।
  সোনার পালঙ্কে গা।
  এগোতে সাতমহল 
  পিছোতে সাতমহল।
  ঝর্নার জলে স্নান
  ফোয়ারার জলে কুলকুচি।
  তুমি বলবে, সাজব।
  বাগানে মালিনিরা গাঁথবে মালা 
  ঘরে দাসীরা বাটবে চন্দন।
  তুমি বলবে, ঘুমবো।
  অমনি গাছে গাছে পাখোয়াজ, তানপুরা,
  অমনি জ্যোৎস্নার ভিতরে এক লক্ষ নর্তকী।
  সুখের নাগরদোলায় এইভাবে অনেকদিন।
  তারপর 
  বুকের ডান পাঁজরে গর্ত খুঁড়ে খুঁড়ে 
  রক্তের রাঙা মাটির পথে সুরঙ্গ কেটে কেটে 
  একটা সাপ 
  গায়ে বালুচরীর নকশা 
  নদীর বুকে ঝুঁকে পড়া লাল গোধুলি তার চোখ 
  বিয়েবাড়ির ব্যাকুল নহবত তার হাসি,
  দাঁতে মুক্তোর দানার মত বিষ,
  পাকে পাকে জড়িয়ে ধরবে তোমাকে 
  যেন বটের শিকড় 
  মাটিকে ভেদ করে যার আলিঙ্গন।
  ধীরে ধীরে তোমার সমস্ত হাসির রঙ হলুদ 
  ধীরে ধীরে তোমার সমস্ত সোনার গয়নায় শ্যাওলা 
  ধীরে ধীরে তোমার মখমল বিছানা 
  ফোঁটা ফোঁটা বৃষ্টিতে, ফোঁটা ফোঁটা বৃষ্টিতে সাদা।
- সেই সাপটা বুঝি তুমি?
- না।
- তবে?
- স্মৃতি।
  বাসরঘরে ঢোকার সময় যাকে ফেলে এসেছিলে 
  পোড়া ধূপের পাশে।

No comments:

Post a Comment